জাতীয়

শাহবাগে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই, হাসপাতালে ভর্তি

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – রাজধানীর শাহবাগ এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক অটোরিকশাচালক। তাকে অচেতন করে ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী ওই চালকের নাম মো. আবু কালাম। রবিবার রাতে শাহবাগ এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, রবিবার রাতে শাহবাগ এলাকা থেকে পথচারীরা আবু কালামকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা তাকে উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যান। খবর পেয়ে তার ছেলে মারুফ থানায় উপস্থিত হন এবং সেখান থেকে রাত বারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সোমবার সকালে মারুফ জানান, তার বাবার জ্ঞান এখনো পুরোপুরি ফেরেনি।

তিনি বর্তমানে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন আছেন। বাবার জ্ঞান না ফেরায় ঘটনার বিস্তারিত বা কারা তাকে অচেতন করেছে তা এখনো জানা সম্ভব হয়নি। তবে তার উপার্জনের একমাত্র অবলম্বন রিকশাটি পাওয়া যায়নি। আবু কালামের গ্রামের বাড়ি বরগুনা জেলায়। তিনি বর্তমানে রাজধানীর হাজারীবাগ এলাকার কালু নগর বড় মসজিদের পাশে বসবাস করেন। তার পিতার নাম রশিদ কাজী।

এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language