জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রস্তুত, চলছে তারিখ নির্ধারণের প্রক্রিয়া

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল তৈরি করা হয়েছে। তবে কবে এই ফল প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্দিষ্ট দিন ঠিক করতে শিক্ষা বোর্ডগুলো কাজ করছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করতে কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঠিক করা যায়নি। তারিখ চূড়ান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে।
জানা গেছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর নেওয়া হয়েছে।
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী অংশ নেয়। গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি পরীক্ষাগুলো নেওয়া হয়। সে হিসেবে প্রায় দেড় মাস পর জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীরা তাদের ফল পেতে যাচ্ছে।
এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬









