জাতীয়

নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা রুখতে আইজিপির কঠোর নির্দেশনা

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের তৎপরতা কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

রোববার পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে আয়োজিত এক ভার্চুয়াল সভায় আইজিপি এসব কথা বলেন। সভায় তিনি দেশের স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ওপর জোর দেন।

আইজিপি বাহারুল আলম চাঁদাবাজি, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশকে কঠোর হওয়ার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে। দলমত নির্বিশেষে যেই চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদকের সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে।

এছাড়া মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে বিশেষ সতর্কতা অবলম্বন ও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পুলিশপ্রধান। তিনি বলেন, মহাসড়কে ডাকাতি বা দস্যুতার ঘটনা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। ভার্চুয়াল এই সভায় পুলিশ সদর দপ্তরে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিপিগণ উপস্থিত ছিলেন।

এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language