জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্কের বার্তা

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – ঢাকায় নিযুক্ত এশিয়ার তিন গুরুত্বপূর্ণ দেশ চীন, ভারত ও পাকিস্তানের শীর্ষ কূটনীতিকরা নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে অনুষ্ঠিত এসব বৈঠকে রাষ্ট্রদূতরা দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং নিজ নিজ দেশের পক্ষে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা দেন।

সাক্ষাতকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বেইজিং ও ঢাকার মধ্যকার সহযোগিতা আরও গভীর করতে চীনের প্রধানমন্ত্রীর আগ্রহের কথা তুলে ধরেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও চীনের ‘কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপ’ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি রোহিঙ্গা নাগরিকদের দ্রুত প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকা ও সহযোগিতা কামনা করেন। আলোচনার এক পর্যায়ে রাষ্ট্রদূত ওয়েন চীনের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমানকে বেইজিং সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তার সাক্ষাতে নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে ভারতের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি দূরদর্শী ও সুষম অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। উভয় পক্ষই নিয়মিত ও গঠনমূলক যোগাযোগ বজায় রাখার বিষয়ে ঐকমত্য পোষণ করে। বৈঠকে রাষ্ট্রদূত ভার্মা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকে খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ পৌঁছে দেন।

অন্যদিকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষে নতুন সরকারের সঙ্গে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। প্রত্যুত্তরে পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়ার সব দেশের জনগণের কল্যাণে আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরেন এবং সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার আহ্বান জানান।

এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language