জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক এক বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান।
এরই ধারাবাহিকতায় রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জাপানে ২০৪০ সালের মধ্যে প্রায় ১ কোটি ১০ লাখ তরুণ কর্মীর প্রয়োজন হবে। বর্তমানে বাংলাদেশে প্রায় ২.৩ মিলিয়ন অতিরিক্ত যুব শ্রমশক্তি রয়েছে। এই বিপুল জনসংখ্যাকে কীভাবে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয়, বাংলাদেশ সাধারণত অদক্ষ শ্রমিক সরবরাহ করে থাকে, তবে এই ধারা পরিবর্তন করে দক্ষ ও আধা-দক্ষ শ্রমিক রপ্তানির দিকে মনোযোগ দিতে হবে। জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণের জন্য পূর্বে ৩৩টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি নির্ধারণ করা হয়েছিল। বর্তমান চাহিদা বিবেচনায় আরও ২০টি যুক্ত করে মোট ৫৩টি টিটিসিতে জাপানি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষক সংকট কাটাতে নতুন শিক্ষক নিয়োগ এবং বেসরকারি ২০০টি প্রশিক্ষণ কেন্দ্রের সহায়তা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এছাড়া কাজের অগ্রগতি পর্যালোচনায় আগামী দুই কার্যদিবস পর পুনরায় বৈঠক এবং স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









