প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ বিষয়ক সভা অনুষ্ঠিত

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ৩টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে এই বৈঠকটি সম্পন্ন হয়। সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। বৈঠকে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এর আগে রবিবার সকাল ৯টার পরপরই প্রধানমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে তার নিজ কার্যালয়ে উপস্থিত হন। এরপর সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পরবর্তীতে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি নিয়েও একটি সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সভাতেও সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









