ঢাবি উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন জমা দিলেন ড. নিয়াজ

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান নিজের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন জমা দিয়েছেন। রবিবার সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি রাষ্ট্রপতি বরাবর এই আবেদন পেশ করেন। পদত্যাগপত্রে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন থেকে অব্যাহতি নিয়ে নিজের মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড ১ অধ্যাপক হিসেবে ফিরে যাওয়ার অনুমতি চেয়েছেন তিনি।
গত ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় তিনি এই আবেদন করেছেন বলে জানা গেছে। সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে করণীয় বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান। একই সঙ্গে এসব ক্ষেত্রে তাঁর অব্যাহত সহযোগিতা কামনা করেন।
উপাচার্য এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে শিক্ষামন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাখাতের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ক্রান্তিকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখায় শিক্ষামন্ত্রী উপাচার্যকে ধন্যবাদ জানান এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









