শিক্ষা খাতকে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ঘোষণা ববি হাজ্জাজের

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত ও দলীয়করণমুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে শিক্ষা মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত রাখা হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না। রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক ও কর্মচারী ঐক্য জোটের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে দুর্নীতি ও দলীয়করণ এই দুটি বিষয়ে সরকার একদম আপসহীন অবস্থানে থাকবে। শিক্ষা খাতে কোনো রাজনৈতিক প্রভাব চলতে দেওয়া হবে না। ব্যক্তিগত জীবনে কে কোন রাজনীতি করেন সেটি মুখ্য বিষয় নয়, কিন্তু শিক্ষা ব্যবস্থার অভ্যন্তরে কোনো ধরনের দলীয়করণ হতে দেওয়া হবে না। শিক্ষকদের লিখিত দাবিগুলোর বিষয়ে তিনি বলেন, প্রতিটি দাবি গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়েছে। বিভিন্ন দাবির মধ্যে যেগুলো দীর্ঘস্থায়ী সমস্যা বা স্ট্যান্ডিং ইস্যু হিসেবে চিহ্নিত, সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধানের ওপর জোর দেন, যাতে ভবিষ্যতে একই দাবিতে পুনরায় আন্দোলনে নামতে না হয়।
শিক্ষকদের মর্যাদা প্রসঙ্গে ববি হাজ্জাজ জানান, শ্রেণিকক্ষে শিক্ষকরা যে দায়িত্ব পালন করেন তার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে। কারিকুলাম সংস্কার নিয়ে তিনি বলেন, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, মাদ্রাসা ও আলিয়া সব ধারাকে একটি সাধারণ কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যা ধীরে ও পর্যালোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রসঙ্গে তিনি জানান, এটি কেবল শিক্ষা মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে সম্ভব নয়।
এর জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় প্রয়োজন। ইতোমধ্যে এ বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে এবং আর্থিক হিসাব প্রস্তুতের কাজ চলছে। অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, সমাধানের প্রস্তাবগুলো আরও সুস্পষ্টভাবে উপস্থাপন করা হলে তা বাস্তবায়ন সহজ হবে। এছাড়া এনটিআরসিসহ শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ কাঠামো নিয়ে সচিবদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









