রংপুর

রংপুরে এমপির সফর ঘিরে বিএনপির বিক্ষোভ, ফেসবুকে পাল্টা হুঁশিয়ারি

রংপুর, ২২ ফেব্রুয়ারি – জাতীয় সংসদ নির্বাচনের ১০ দিন অতিবাহিত হলেও রংপুর-৪ আসনে ভোটের ফলাফল নিয়ে উত্তেজনা এখনো প্রশমিত হয়নি। এই আসনের বিএনপি প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা পরাজয়ের গ্লানি মেনে নিতে পারছেন না। রমজান শুরুর আগেই টানা চারদিন বিভিন্ন কর্মসূচি পালন করেছে হারাগাছ, পীরগাছা ও কাউনিয়া বিএনপি।

এবার নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের হারাগাছ সফর ঘিরে শুরুতে হরতালের ডাক দেওয়া হলেও পরে তা পরিবর্তন করে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। রোববার হারাগাছ পৌর বিএনপি এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

অন্যদিকে সংসদ সদস্য আখতার হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তার সফরকালে কোনো অঘটন ঘটলে তার দায় বিএনপি প্রার্থী ও দলটির হাইকমান্ডকে নিতে হবে।

শনিবার রাত ৮টার দিকে হারাগাছ পৌর শহরের হকবাজার এলাকায় সাধারণ ভোটারের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক, সম্পাদক নুরুল আমীন দাজু ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সমাপ্তি।

বক্তারা অভিযোগ করেন যে জনগণের রায় ছিনতাই করে এমপি হওয়া আখতার হোসেনের এই সফর বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা। এর আগে শনিবার বিকেলে মাইকিং করে হরতালের ডাক দেওয়া হলেও রমজানে জনভোগান্তির কথা বিবেচনা করে তা প্রত্যাহার করা হয়।

রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এমপি আখতার হোসেনের হারাগাছ পৌর এলাকার মানুষের সঙ্গে কুশলবিনিময় এবং শহীদ লাভলুর পরিবারের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। এমপির সফর ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের কথা জানিয়েছেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক চৌহান।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এনসিপির প্রার্থী আখতার হোসেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা পান ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। নির্বাচনের পর থেকেই কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করে আসছেন বিএনপি প্রার্থী।

রোববার ভোররাতে ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এমপি আখতার হোসেন অভিযোগ করেন যে বিএনপি সরকার গঠনের আভাস পাওয়ার পর থেকেই তার নেতাকর্মীদের ওপর হামলা ও ভীতি প্রদর্শন করছে।

এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language