জাতীয়

২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – ভাষা আন্দোলনের চেতনায় ঋদ্ধ বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে বইমেলা’ শুরু হতে যাচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেলাটি চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত এবং এবারের মেলা ঘিরে লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে বিরাজ করছে বিশেষ উৎসাহ। উদ্বোধনের দিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি প্রদান করা হবে রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’। সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারির শুরুতেই বইমেলা প্রাঙ্গণ মুখর হয়ে উঠলেও এবার নির্বাচনের কারণে মেলা শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে দেশের এই বৃহৎ আয়োজন সফল করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।

পবিত্র রমজান মাসে মেলা চলায় এবার ব্যবস্থাপনায় কিছুটা ভিন্নতা আনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায় মেলায় এবার স্টলের সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় ১১৫০টি হয়েছে যা গতবারের তুলনায় কিছুটা বেশি। ফাল্গুনের দিনগুলোতে এবং বিশেষ করে ২১শে ফেব্রুয়ারি মেলায় যে বিশাল জনসমাগম দেখা যেত এবার তা মিস হলেও আয়োজকরা আশাবাদী। দেরিতে শুরু হলেও বাংলা একাডেমি প্রাঙ্গণ বই, পাঠক আর লেখকের পদচারণায় তার চেনা রূপ ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language