ঢাকা

শাহজালালে অত্যাধুনিক এয়ার রাইফেলসহ দুবাইফেরত যাত্রী আটক

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে অত্যাধুনিক গ্যাসচালিত স্বয়ংক্রিয় এয়ার রাইফেলসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আটককৃত যাত্রীর নাম নূর হোসেন এবং তার বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। শনিবার বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ফিটস এয়ারের একটি ফ্লাইটে দুবাই থেকে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে অত্যাধুনিক অস্ত্র আসার বিষয়ে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল। এই তথ্যের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়। রাত ৮টার দিকে সংশ্লিষ্ট ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার পর যাত্রী নূর হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে তার সাথে থাকা সাইকেলের যন্ত্রাংশের ভেতরে কৌশলে এয়ার রাইফেলটি খুলে রাখা হয়েছে। পরবর্তীতে কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি চালিয়ে সেটি উদ্ধার করে জব্দ করেন। কর্মকর্তারা জানিয়েছেন উদ্ধারকৃত অস্ত্রটি বেশ অত্যাধুনিক এবং গ্যাসচালিত। নূর হোসেনের হেফাজত থেকে অস্ত্রটি ছাড়াও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ১০ কার্টন সিগারেট, পাঁচ কেজি খাদ্যসামগ্রী, দুই লিটার পারফিউম এবং একটি বাইসাইকেলের অংশবিশেষ জব্দ করা হয়েছে।

এসএএস/ ২১ ফেব্রুয়ারি ২০২৬

Back to top button
🌐 Read in Your Language