গাইবান্ধায় শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে আওয়ামী লীগের দুই নেতা আটক

গাইবান্ধা, ২১ ফেব্রুয়ারি – শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে গাইবান্ধায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরের পৌরপার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক নেতারা হলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এমারুল ইসলাম সাবিন এবং নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চোকলাদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পৌর শহীদ মিনার চত্বরে যান। সেখানে তারা ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। কর্মসূচি শেষে ফেরার পথে পৌরপার্কের সামনে থেকে পুলিশ এমারুল ইসলাম সাবিন ও শাহীন চোকলাদারকে আটক করে।
এ বিষয়ে আমিনুজ্জামান রিংকু বলেন, ‘ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতেই আমরা একত্র হয়েছিলাম। শেখ হাসিনা আসবেন, বাংলাদেশ হাসবে। ইনশাআল্লাহ সকল অপশক্তিকে পরাজিত করে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে।’
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিকেলে আওয়ামী লীগের ওই দুই নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএএস/ ২১ ফেব্রুয়ারি ২০২৬









