দক্ষিণ এশিয়া

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা কার্যক্রম পুনরায় চালু

নয়া দিল্লি, ২০ ফেব্রুয়ারি – ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আবারও তাদের ভিসা কার্যক্রম শুরু করেছে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের ভিসা প্রদান শুরু হয়। ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হলে গত ডিসেম্বর থেকে দুই দেশই ভিসা কার্যক্রম স্থগিত রেখেছিল।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার মাত্র তিন দিনের মাথায় এই ইতিবাচক অগ্রগতি ঘটল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর থেকেই দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে।

নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানান এবং পরে টেলিফোনে সহযোগিতার আশ্বাস দেন। এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকেও জানানো হয় যে তারা শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। সাম্প্রতিক এই পদক্ষেপগুলোকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language