জাতীয়

টিএসসিতে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা ফিল্ম ক্লাব

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা ফিল্ম ক্লাব দুই দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের সড়কদ্বীপে আগামী শুক্রবার থেকে শুরু হবে এই উৎসব।

এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘একুশের চেতনায় উজ্জীবিত হোক নতুন প্রজন্ম’। উৎসবের উদ্বোধনী দিন শুক্রবার সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে ভাষা আন্দোলন নিয়ে নির্মিত জহির রায়হান পরিচালিত কালজয়ী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।

একই দিনে একটি সমসাময়িক প্রামাণ্যচিত্রও দেখানো হবে। উৎসবের দ্বিতীয় ও সমাপনী দিন শনিবার সন্ধ্যায় প্রদর্শিত হবে শহিদুল হক খান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কলমীলতা’ এবং অন্য একটি প্রামাণ্যচিত্র। এ প্রসঙ্গে ঢাকা ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমন জানান, বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ এবং চলচ্চিত্রপ্রেমীদের মাঝে বাংলা সিনেমার প্রচার ও প্রসারের লক্ষ্যেই এই প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। এই আয়োজনে সহযোগী হিসেবে থাকছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language