উত্তর আমেরিকা

ট্রাম্পের সভাপতিত্বে গাজা পুনর্গঠনে ‘বোর্ড অব পিস’-এর ঐতিহাসিক বৈঠক শুরু

ওয়াশিংটন, ১৯ ফেব্রুয়ারি – যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে বিশ্বনেতাদের সমন্বয়ে গঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক শুরু হচ্ছে।

বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গাজার ভবিষ্যৎ নিয়ে বিদ্যমান বহু অমীমাংসিত ইস্যুর সমাধানে আয়োজিত এই বৈঠকে ৪৫টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করতে পারেন বলে জানা গেছে। সম্প্রতি ওয়াশিংটনে অবস্থিত ইউএস ইনস্টিটিউট অব পিসের নাম পরিবর্তন করে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের নামে নামকরণ করেছেন, যেখানে তিনি উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখবেন। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো গাজা পুনর্গঠন তহবিলের জন্য ৫ বিলিয়ন ডলার সংগ্রহের ঘোষণা দিতে পারে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, এই তহবিলে ওয়াশিংটনের উপসাগরীয় মিত্র সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত প্রত্যেকে ১ দশমিক ২ বিলিয়ন ডলার করে সহায়তা প্রদান করবে। বৈঠকের আলোচ্যসূচিতে গাজায় মানবিক সহায়তা প্রবাহ, পুনর্গঠন তহবিল, হামাস যোদ্ধাদের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়গুলো প্রাধান্য পাবে।

তবে ট্রাম্পের এই বোর্ডে ইসরায়েল অন্তর্ভুক্ত থাকলেও ফিলিস্তিনি কোনো প্রতিনিধি না থাকায় ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

এছাড়া নতুন এই উদ্যোগ জাতিসংঘের মতো বৈশ্বিক সংস্থার কার্যকারিতাকে দুর্বল করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শান্তি বজায় রাখতে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে, যেখানে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার সেনা অংশ নিতে পারেন।

এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language