জাতীয়

চিকিৎসকদের সেবার মান তদারকিতে সরেজমিন পরিদর্শনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – হাসপাতালগুলোতে দায়িত্বরত চিকিৎসকরা রোগীদের ঠিকমতো সেবা দিচ্ছেন কি না, তা যাচাই করতে সরেজমিন পরিদর্শনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, সেবার মান নিশ্চিতে কোনো সিন্ডিকেটকে সুবিধা দেওয়া হবে না। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন যে চিকিৎসকদের সেবার প্রকৃত চিত্র দেখতে তারা আকস্মিক পরিদর্শনে যাবেন এবং সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে। জনগণের উপকার নিশ্চিত করাই হবে তাদের মূল লক্ষ্য। সভায় স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, হাসপাতালগুলোতে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।

দলমত নির্বিশেষে সকল নাগরিককে সমানভাবে সেবা প্রদানের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়া বিবেচনা না করে সবাইকে সমান স্বাস্থ্যসেবা দিতে হবে। স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language