মানুষের প্রত্যাশা পূরণে টিমওয়ার্কের ওপর জোর দিলেন শ্রমমন্ত্রী

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণের প্রত্যাশা অনেক বেশি এবং সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের কাজ করতে হবে।
বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিজের প্রথম কর্মদিবসে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত পরিচিতিমূলক সভায় তিনি এই নির্দেশনা দেন।
মন্ত্রী উল্লেখ করেন, সফলতা অর্জনের জন্য দলীয় মনোভাব নিয়ে কাজ করা জরুরি। মন্ত্রণালয়ের সবাই আন্তরিকভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।
তিনি কাজের ক্ষেত্রে নির্ধারিত নির্দেশিকা এবং দলের ইশতেহারকে সামনে রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। বিগত এক বছরের কাজের পর্যালোচনা করে ঘাটতিগুলো চিহ্নিত করার পাশাপাশি আগামী ১০০ দিনের মধ্যে করণীয় বিষয়ে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণের ওপর তিনি জোর দেন।
দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কাজের ক্ষেত্রে রুলস অব বিজনেস বা কার্যবিধিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। যেখানে যা প্রয়োজন তা পরিষ্কারভাবে জানাতে হবে।
আসন্ন মাহে রমজান ও ঈদুল ফিতরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঈদের আগে শ্রমঘন শিল্প বা কলকারখানায় যাতে কোনো ধরনের অসন্তোষ সৃষ্টি না হয়, সে বিষয়ে আগে থেকেই তৎপর থাকতে হবে।
সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক প্রথম তিন মাসের একটি কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাবেক উপদেষ্টার পরামর্শগুলো বিবেচনায় নেওয়ার কথা উল্লেখ করেন এবং ঈদের সময় সম্ভাব্য আন্দোলন বা অস্থিরতা রোধে আগাম প্রস্তুতির নির্দেশ দেন।
এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সারোয়ার জাহান ভূইয়াসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









