জবিতে শুভসংঘের আয়োজনে বাংলা বর্ণমালা উচ্চারণ প্রতিযোগিতা

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – ভাষার মাসকে স্মরণীয় করে রাখতে এবং শিক্ষার্থীদের শুদ্ধ বাংলা চর্চায় উদ্বুদ্ধ করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলা বর্ণমালা শুদ্ধ উচ্চারণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ভিন্নধর্মী এই প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠানস্থলটি সাজানো হয়েছিল গ্রামবাংলার ঐতিহ্যের ছোঁয়ায়। কবি অতুল প্রসাদ সেনের কালজয়ী গান ‘মোদের গরব মোদের আশা; আ-মরি বাংলা ভাষা’ লেখা ব্যানারের সামনে ধানের শুকনো খড়ের ওপর স্থাপন করা হয় ককশিটের তৈরি বাংলা বর্ণমালা। এই সজ্জা যেন ভাষা আন্দোলন ও বাঙালি সংস্কৃতির এক অনবদ্য প্রতিচ্ছবি হয়ে ওঠে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মঞ্চে এসে বাংলা বর্ণমালা উচ্চারণ করেন। এতে প্রথম স্থান অধিকার করেন বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ইতিহাস বিভাগের সামসুর নাহার মুক্তা এবং বাংলা বিভাগের বুশরা আক্তার।
বসুন্ধরা শুভসংঘ জবি শাখার সভাপতি মো. জুনায়েত শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছা. শামীম আরা, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক শিউলি আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সামিয়া জামান ও জিহাদ জিসান।
অনুষ্ঠানে অধ্যাপক ড. শামীম আরা বলেন, আমরা অনেকেই বাংলা বর্ণমালা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, যা অত্যন্ত দুঃখজনক। শুধু ভাষার মাসেই বাংলাকে গুরুত্ব না দিয়ে সারা বছর শুদ্ধ চর্চা করা প্রয়োজন। আঞ্চলিকতা পরিহার করে আমাদের প্রমিত বাংলা বলা শিখতে হবে।
অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, বাংলা ভাষা চর্চার প্রাথমিক ধাপ হলো বর্ণমালা শেখা। শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণে অনুপ্রাণিত করতে শুভসংঘের এই আয়োজন প্রশংসার দাবি রাখে।
আয়োজক সংগঠনের সভাপতি জুনায়েত শেখ জানান, গত বছর তারা মায়ের ভাষায় কথা বলা নিয়ে ভিডিও বার্তা প্রতিযোগিতা করেছিলেন। এবার শিক্ষার্থীদের শুদ্ধ বাংলা বলায় উৎসাহিত করতেই এই বর্ণমালা উচ্চারণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









