পিরোজপুরে বিএনপির সাবেক নেতার ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ২

পিরোজপুর, ১৬ ফেব্রুয়ারি – পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় গভীর রাতে একদল দুর্বৃত্তের অতর্কিত হামলায় পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির ও তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপু গুরুতর আহত হয়েছেন।
রোববার ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত মহিউদ্দিন মল্লিক নাসির সদর উপজেলার সংকরপাশা গ্রামের মোদাহার মল্লিকের এবং তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপু একই গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান যে রাতে কয়েকটি মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায় এবং এতে দুজনই শরীরের বিভিন্ন স্থানে জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পাইক জানান যে আহতদের শরীরে গভীর ক্ষত থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান শেখ রুবেল এই ঘটনাকে নির্বাচনী সহিংসতা ও হত্যার উদ্দেশ্যে হামলা বলে দাবি করেছেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে বিস্তারিত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









