জাতীয়

আদালতের নির্দেশ পেলেই কেবল ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা পেলে ভোট পুনর্গণনার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তিনি এ কথা জানান।

শপথ গ্রহণ প্রক্রিয়ার আইনি দিক ব্যাখ্যা করতে গিয়ে নির্বাচন কমিশনার বলেন, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ করাবেন। যদি এই সময়ের মধ্যে তা সম্ভব না হয়, তবে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। এ বিষয়ে আরও আইনি ব্যাখ্যা-বিশ্লেষণ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা দিতে পারবেন। তবে শপথ অনুষ্ঠানের দিনক্ষণ সম্পর্কে কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানে না এবং সংসদ সচিবালয় থেকেও কোনো আনুষ্ঠানিক চিঠি আসেনি বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচন নিয়ে ১১ দলীয় জোটের অভিযোগ প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, জোটের প্রতিনিধিদের বক্তব্য কমিশন শুনেছে। তবে ফলাফল প্রকাশে কোনো তাড়াহুড়া করা হয়নি। বরং নিয়ম মেনে স্মার্ট পদ্ধতিতে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা করা হয়েছে। মাঠপর্যায়ের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে ফলাফল তৈরির কাজ সম্পন্ন করেছেন।

তিনি আরও জানান, ১১ দলীয় জোটের দাবিগুলো বিচার-বিশ্লেষণের সুযোগ রয়েছে। আইনে পরিষ্কার বলা আছে, নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে সংক্ষুব্ধরা হাইকোর্টের শরণাপন্ন হতে পারেন এবং সেখান থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একজন নির্বাচন কমিশনার হিসেবে তিনি বিশ্বাস করেন যে একটি সুষ্ঠু ও ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language