ফেনী

ভোট দেওয়ার ‘অপরাধে’ তালাক, ভুক্তভোগী জহুরার পাশে ‘আমরা বিএনপি পরিবার’

ফেনী, ১৪ ফেব্রুয়ারি – ফেনীতে স্বামীর নিষেধ অমান্য করে ধানের শীষে ভোট দেওয়ার অভিযোগে তালাকপ্রাপ্ত নারীর পাশে দাঁড়িয়েছে বিএনপি। শনিবার বিকেলে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় ভুক্তভোগী গৃহবধূ জহুরার বাড়িতে যান ‘আমরা বিএনপি পরিবারের’ একটি প্রতিনিধিদল। সংগঠনের সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধিদলটি সেখানে উপস্থিত হয়।

এ সময় ভুক্তভোগী জহুরার সার্বিক খোঁজখবর নেওয়া হয় এবং তাকে দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে তার তিন সন্তানের পড়াশোনার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপি নেতারা। প্রতিনিধিদলে ফেনী ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, সদস্য মশিউর রহমান বিপ্লব, আবু তালেব এবং জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন যে ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে এই নারীকে তার স্বামী তালাক দিয়েছেন যা অত্যন্ত দুঃখজনক। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে তা তারা কখনো কল্পনাও করেননি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা ভুক্তভোগী এ পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন জানান যে অভিযুক্ত স্বামী তাদের দলের কেউ নন। তবুও মানবিক দৃষ্টিকোণ থেকে তারা পরিবারটির পাশে দাঁড়িয়েছেন। উল্লেখ্য গত বৃহস্পতিবার স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার অভিযোগে বিবি জহুরাকে মৌখিক তালাক দেন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইসমাইল হোসেন কাওসার।

এসএএস/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language