কুষ্টিয়ায় নির্বাচনে পরাজয়ের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

কুষ্টিয়া, ১৪ ফেব্রুয়ারি – কুষ্টিয়া-৩ (সদর) আসনে নির্বাচনে পরাজয়ের জের ধরে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে ও কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মে এই উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার পরাজিত হন। নিজ এলাকায় কাঙ্ক্ষিত ফলাফল না আসায় দলীয় কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মে শহর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে জেলা কৃষক দলের নেতাদের বাকবিতণ্ডা শুরু হয়।
এই তর্কাতর্কির জেরে জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেন মুরাদের সঙ্গে অন্য পক্ষের হাতাহাতি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্টেশনের চায়ের দোকানের চেয়ার ভাঙচুর করা হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর কুষ্টিয়ার মজমপুর এলাকায় কৃষক দলের সভাপতি আরিফুর রহমান সুমনের হাতে ব্যান্ডেজ দেখা গেলেও তিনি এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি। জেলা বিএনপির শীর্ষ নেতাদের ফোনে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার জানান, অভ্যন্তরীণ কোন্দলের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে সেখানে পৌঁছানোর পর কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি বা কাউকে পাওয়া যায়নি এবং দলীয় কার্যালয়ও বন্ধ ছিল।
এসএএস/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬









