জাতীয়

বিএনপির জয় স্বীকার, দায়িত্বশীল বিরোধী দলে থাকার ঘোষণা জামায়াত আমিরের

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – বিএনপিকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি নির্বাচনের ফলাফল মেনে নেয়ার পাশাপাশি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার বার্তাও দিয়েছেন।

তিনি বলেন, শুরু থেকেই আমরা স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। সেই প্রতিশ্রুতিতে এখনো অটল। আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন জামায়াত আমির।

তিনি লিখেছেন, বিগত মাসগুলোতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। অনেকে তাদের সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন। অনেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সময় ভয় ও হয়রানির শিকার হয়েছেন। আপনাদের সাহসিকতা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছে।

তারপর নেতাকর্মীদের উদ্দেশে তিনি লিখেছেন, আমি জানি, অনেকে আজ ব্যথিত ও হতাশ। এটা স্বাভাবিক। যখন কেউ কোনো আদর্শের পেছনে মন ও হৃদয় দেয়, ফলাফল তাকে গভীরভাবে স্পর্শ করে। তবে একটি বিষয় পরিষ্কার— আপনারা বৃথা চেষ্টা করেননি। ৭৭টি আসন নিয়ে আমরা সংসদে আমাদের উপস্থিতি প্রায় চারগুণ বৃদ্ধি করেছি এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছি।

তিনি আরও বলেন, ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় রাজনীতির ভাগ্য পরিবর্তনশীল। ২০০৮ সালে বিএনপি মাত্র ৩০টি আসনে অংশ নিয়েছিল, আর ১৮ বছর পর ২০২৬ সালে তারা সরকার গঠন করেছে। গণতান্ত্রিক রাজনীতি দীর্ঘ পথের বিষয়। আমাদের পথ এখন পরিষ্কার— মানুষের আস্থা অর্জন করা, ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা এবং দায়িত্বশীলভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া।

শফিকুর রহমান লিখেছেন, যেকোনো প্রকৃত গণতান্ত্রিক অভিযাত্রায় নেতৃত্বের আসল পরীক্ষা শুধুই নির্বাচনী প্রচারণায় নয়, জনগণের রায়কে কীভাবে গ্রহণ করি তার ওপর নির্ভর করে। শুরু থেকেই আমরা স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, সেই প্রতিশ্রুতিতে এখনো অটল। আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

সবশেষে তিনি বলেন, আমাদের আন্দোলন কখনোই কেবল একটি নির্বাচনের জন্য ছিল না। এটি ছিল গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করা, নাগরিকদের অধিকার রক্ষা করা এবং একটি ন্যায়বিচারপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলা। আমরা নীতিবান, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করব; একই সঙ্গে সরকারের জবাবদিহি নিশ্চিত করে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখব। নীতিভিত্তিক ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি আমাদের অঙ্গীকার অটল থাকবে।

এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language