২১ গ্রামীণ বিদ্যালয়ে ল্যাপটপ ও ২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে কাগজবাড়ি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – মহান ভাষা দিবসের চেতনাকে ধারণ করে দেশের গ্রামীণ ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা ও প্রযুক্তির নতুন দ্বার উন্মোচন করেছে শিক্ষা-প্রযুক্তি প্রতিষ্ঠান ‘কাগজবাড়ি’। অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রতিষ্ঠানটি দেশের ২১টি গ্রামীণ বিদ্যালয়ে ল্যাপটপ প্রদানের পাশাপাশি দুই সহস্রাধিক শিক্ষার্থীর জন্য বছরজুড়ে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্য বাস্তবায়নে বুধবার রাজধানীর ধানমন্ডিতে ‘মেডিকো বায়ো’র সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কাগজবাড়ি এডিটেক লিমিটেড।
এই চুক্তির আওতায় নির্বাচিত ২১টি স্কুলে ল্যাপটপ সরবরাহ করা হবে। এসব ল্যাপটপ ব্যবহার করে শিক্ষার্থীরা সরাসরি বিএমডিসি নিবন্ধিত ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিতে পারবে। আয়োজকরা জানান, প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী যেন মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সেটিই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। নতুন এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা স্কুলেই বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাবে।
ল্যাপটপের মাধ্যমে ভিডিও কলে যুক্ত হয়ে তারা সরাসরি চিকিৎসকের পরামর্শ নিতে পারবে, ফলে ছোটখাটো অসুস্থতার জন্য আর স্কুল কামাই করে দূরবর্তী হাসপাতাল বা ক্লিনিকে যেতে হবে না। এছাড়া এই ল্যাপটপগুলো কেবল স্বাস্থ্যসেবাই নয়, বরং গ্রামীণ শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা ও প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত করে তুলতে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে। সেবাটি নির্বিঘ্ন করতে প্রতিটি স্কুলে একজন প্রতিনিধি শিক্ষক থাকবেন যিনি শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে ডিজিটাল অ্যাপয়েন্টমেন্ট ও যোগাযোগের বিষয়টি সমন্বয় করবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাগজবাড়ি এডিটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজোয়ান কবির, পরিচালক জাহিদ আনোয়ার, নির্বাহী কর্মকর্তা শাখীরুজ্জামান এবং মেডিকো বায়োর পরিচালক মো. মেশকাতুর রহমান বাঁধন ও চিফ অপারেটিং অফিসার মো. নাজমুল আলম নোমানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য যে কাগজবাড়ি ইতোমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জনের লক্ষ্যে একটি বিশাল শিক্ষা সামগ্রী বিতরণ ক্যাম্পেইন ঘোষণা করেছে।
এসএএস/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









