ঢাকা-১৭ আসনে বিজয়ী তারেক রহমানকে অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনেই জয়লাভ করেছেন। ঢাকা-১৭ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামান। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই অভিনন্দন জানান ডা. খালিদুজ্জামান।
ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, নির্বাচনের ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হলেও তিনি ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সম্মান জানাচ্ছেন। অল্প সময়ের মধ্যে একজন চিকিৎসক হিসেবে এবং তার সংগঠনের প্রতি মানুষ যে ভালোবাসা ও আস্থা দেখিয়েছে, সেটিকে তিনি জীবনের বড় অর্জন হিসেবে দেখছেন।
তিনি বলেন, সারাদেশে যে নীরব দৃশ্যপট দেখা গেছে, ঢাকা-১৭ আসনও তার বাইরে নয়। অনেক কেন্দ্রে সামান্য ভোটের ব্যবধানে পিছিয়ে থাকার বিষয়টি প্রমাণ করে মানুষ পরিবর্তন ও নীতিভিত্তিক রাজনীতি চায়। জামায়াতের এই প্রার্থী তার কর্মী-সমর্থকদের ত্যাগের প্রশংসা করে বলেন, যারা দিন-রাত পরিশ্রম করেছেন এবং আদর্শ থেকে সরে যাননি, তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। এটি এক দীর্ঘ পথচলা এবং মানুষের আস্থা অর্জনের যাত্রা থামবে না।
তিনি বিজয়ী প্রার্থী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, বিজয় মানে কথা রাখা আর প্রত্যাশা পূরণের এক মহা পরীক্ষার সূচনা। বিজয়ী প্রার্থী জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি গঠনমূলক সমালোচনা ও জনগণের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সবশেষে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ভোটের ফলাফলে হেরে গেলেও মানুষের ভালোবাসায় তিনি বিজয়ী হয়েছেন এবং ভবিষ্যতে সবসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন।
এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









