জামায়াতের একাংশের বিরুদ্ধে অপপ্রচার ও অসহযোগিতার অভিযোগ সাইয়েদ জামিলের

রাজবাড়ী, ১৩ ফেব্রুয়ারি – রাজবাড়ী ২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল অভিযোগ করেছেন যে জামায়াতের একটি অংশের ছড়িয়ে দেওয়া গুজবের কারণে তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, পাংশা উপজেলা জামায়াতের একটি বড় অংশ শেষ পর্যন্ত তার বিপক্ষে অবস্থান নেয় এবং নির্বাচনের আগের দিন পরিকল্পিতভাবে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে গুজব ছড়ায়।
নির্বাচনে ৬৭ হাজার ২৯৯ ভোট পাওয়ার কথা উল্লেখ করে জামিল বলেন, এত প্রতিকূলতার মধ্যেও এই বিপুল সংখ্যক মানুষের সমর্থন তার জন্য অনেক বড় প্রাপ্তি। তিনি অভিযোগ করেন, তার আসনে জোটের কার্যক্রম যথাযথভাবে পালিত হয়নি এবং পাংশায় প্রচারণার সুযোগ না পেলেও সেখান থেকে তিনি ২০ হাজারের বেশি ভোট পেয়েছেন। ফলাফল মেনে নিয়ে বিএনপি জোটের বিজয়ী প্রার্থী মো. হারুন অর রশিদকে অভিনন্দন জানালেও ভোটের পরিবেশ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন এনসিপির এই নেতা। তিনি দাবি করেন, পাংশা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তার বাবা ভোট দিতে গিয়ে দেখেন আগেই তার ভোট দেওয়া হয়ে গেছে। এছাড়া বাহাদুরপুরের প্রতিটি কেন্দ্রে ভোট কারচুপি এবং দুপুর ১২টার পর পুরো আসনের ভোটের পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগও করেন তিনি, যার প্রমাণ তার কাছে রয়েছে বলে উল্লেখ করেন।
রাজনীতিতে মাত্র ১০ মাসের অভিজ্ঞতায় নির্বাচনে অংশ নেওয়া সাইয়েদ জামিল বলেন, তিনি পরাজিত হলেও লজ্জিত নন এবং এমপি না হতে পারলেও রাজবাড়ীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবেন। বালিয়াকান্দি ও কালুখালী জামায়াত নেতৃবৃন্দের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আগামী দিনেও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









