সামাজিক মাধ্যমে আলোচনায় থেকেও হারলেন নাসীরুদ্দীন ও তাসনিম জারা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় থাকা ঢাকার দুই প্রার্থী নির্বাচনে পরাজিত হয়েছেন। ঢাকা-৮ ও ঢাকা-৯ আসনে ব্যাপক সাড়া জাগানো এই দুই প্রার্থী হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
বৃহস্পতিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা যায় তারা উভয়েই বিএনপির প্রার্থীদের কাছে হেরে গেছেন।
ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজার ২৩৯ ভোটে পরাজিত করেছেন।
প্রাপ্ত ফলাফলে দেখা যায় বিএনপির মির্জা আব্বাস মোট ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়েছেন। অন্যদিকে এনসিপির মোহাম্মদ নাসীরুউদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লাহ ১ হাজার ৪৩৬ ভোট এবং গণঅধিকার পরিষদের মেঘনা আলম ৬০৮ ভোট পেয়েছেন। নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী ঢাকা-৮ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৬৬৭।
অপর আলোচিত আসন ঢাকা-৯ এ বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ী হন। এই আসনে জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে ৪৪ হাজার ৬৮৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। হাবিবুর রশিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। তাসনিম জারার তুলনায় ৬৬ হাজার ৫২৮ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন হাবিবুর রশিদ।
এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









