ফল ঘোষণায় অনিয়ম ও বিলম্ব হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল গণনা এবং ঘোষণায় অস্বাভাবিক বিলম্বের অভিযোগ তুলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জনগণের মতামতকে কোনোভাবে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে নির্বাচন কমিশনে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, বিকেল ৫টা থেকে ভোট গণনা শুরু হলেও গভীর রাত পর্যন্ত অনেক আসনের ফলাফল ঘোষণা করা হয়নি। দলীয় এজেন্টদের তথ্যানুযায়ী রাত ৮টা থেকে ৯টার মধ্যেই ফলাফল আসার কথা থাকলেও ভোররাত পর্যন্ত তা মেলেনি। তিনি দাবি করেন, কিছু ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরিত ফলাফলের শিট পরবর্তী সময়ে পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে ঢাকা ১৭ আসনে অন্তত ৮টি শিটে ওভাররাইটিং করে প্রায় ৫ হাজার ভোট কমানোর অভিযোগ করেন তিনি।
জামায়াতের এই নেতার ভাষ্যমতে, একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্যই এমন গড়িমসি করা হয়েছে এবং তাদের এজেন্টদের কথা বলতে দেওয়া হয়নি। ঢাকার প্রায় সব আসনেই জামায়াত প্রার্থীদের ফলাফলের ক্ষেত্রে এমন বিলম্ব করা হচ্ছে বলে তিনি দাবি করেন। এ সময় ঢাকা ১৫ আসনের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে জামায়াতের আমিরের আসনে ৩ লাখের বেশি ভোটার থাকা সত্ত্বেও ফলাফল দিতে দেরি করা হচ্ছে, অথচ অনেক বড় আসনে দ্রুত ফল ঘোষণা করা হয়েছে। তিনি দাবি করেন, ঢাকা ১৫ আসনে তারা অন্তত ২০ হাজার ভোটে এগিয়ে আছেন।
জুবায়ের আরও বলেন, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টরা একটি বিশেষ দলকে সুবিধা দিতেই এমন ষড়যন্ত্র করছে। সারা দেশে ১১ দলের অন্যান্য আসনেও একই চিত্র দেখা যাচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ রক্ত দিয়েছে নতুন কোনো ফ্যাসিবাদ কায়েমের জন্য নয়। ফলাফল ঘোষণায় কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এমন কলাকৌশল করা হচ্ছে বলে মনে করেন তিনি।
জামায়াত নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে এই চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা দুর্বার প্রতিরোধ গড়ে তুলবেন। জনগণের মতামতকে যদি অন্যায়ভাবে স্বৈরাচারী কায়দায় কেড়ে নেওয়া হয়, তবে দেশবাসী তা মেনে নেবে না। প্রয়োজনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা ওই সব নির্বাচন করেছিলেন তাদের পরিণতি সবার জানা। বর্তমান নির্বাচন কমিশনকেও যেন সেই পরিণতি ভোগ করতে না হয়, সে বিষয়ে সতর্ক করেন তিনি।
এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









