জাতীয়

ঢাকা-১৫ আসনে ভোটের ফলাফলে এগিয়ে জামায়াত আমির শফিকুর রহমান

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ঢাকা-১৫ আসনে (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ১৬ ও ক্যান্টনমেন্ট এলাকা) ভোটগ্রহণ শেষে একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে ১ হাজার ৩১০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ১ হাজার ৭৫টি ভোট।

এই নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন এবং নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৯৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছেন। এই আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৭টি।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়। এদিন সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত প্রয়োগ করেছেন।

২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৯ জন, যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০।

এদিন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়েছে, দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯টি স্থানে জালভোট এবং ৩টি জায়গায় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা রেকর্ড করা হয়েছে।

এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language