বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ বিশেষ দিন: ইইউ প্রধান পর্যবেক্ষক

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বিশেষ দিন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
ইভার্স ইজাবস জানান, নির্ধারিত ও সঠিক সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পক্ষ থেকে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করা হবে না। তাদের প্রতিনিধি দল দিনভর পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি সবার জন্য শুভকামনা জানান।
এবারের নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের ২০০ জন পর্যবেক্ষক সারা দেশে দায়িত্ব পালন করছেন। এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের নির্বাচনি পরিবেশকে অত্যন্ত আশাব্যঞ্জক বলে অভিহিত করেছিলেন। ইইউ মিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ ও গণনা শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হবে।
এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









