উত্তর আমেরিকা

কলম্বিয়ায় প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হত্যাচেষ্টার অভিযোগ, হেলিকপ্টার অবতরণে বাধা

কলম্বিয়া, ১১ ফেব্রুয়ারি – কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দাবি করেছেন যে তিনি একটি পরিকল্পিত হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। মাদক পাচারকারীরা তাকে লক্ষ্যবস্তু করে হত্যার ষড়যন্ত্র করছে বলে সতর্কবার্তা পাওয়ার কয়েক মাসের মাথায় তিনি মঙ্গলবার এই অভিযোগ তুললেন। ঘটনার বিস্তারিত বর্ণনায় জানা যায় গত সোমবার রাতে প্রেসিডেন্টের হেলিকপ্টারটি কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলে তার নির্ধারিত গন্তব্যে অবতরণ করতে ব্যর্থ হয়।

অজ্ঞাত বন্দুকধারীরা হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালাতে পারে এমন আশঙ্কার কারণেই শেষ মুহূর্তে অবতরণ বাতিল করা হয়। পরবর্তীতে সরাসরি সম্প্রচারিত এক মন্ত্রিসভার বৈঠকে পেত্রো বলেন যে তার হেলিকপ্টারটি প্রায় চার ঘণ্টা ধরে খোলা সমুদ্রের ওপর দিয়ে চক্কর দেয় এবং শেষ পর্যন্ত এমন একটি স্থানে অবতরণ করতে বাধ্য হয় যেখানে তাদের যাওয়ার কথা ছিল না। দেশটিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে পেত্রোর এই অভিযোগ নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। উল্লেখ্য কলম্বিয়ায় গেরিলা এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সংঘাত দীর্ঘদিনের সমস্যা হিসেবে বিবেচিত। যদিও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে পেত্রো দ্বিতীয় মেয়াদে নির্বাচনে অংশ নিতে পারবেন না তবুও তিনি দাবি করেছেন যে ২০২২ সালের আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকেই মাদক পাচারকারী চক্র তাকে হত্যার চেষ্টা চালিয়ে আসছে।

এই কথিত হত্যা ষড়যন্ত্রের পেছনে ইভান মর্ডিস্কোর মতো কুখ্যাত মাদক চোরাকারবারি এবং যুদ্ধবাজ নেতাদের হাত থাকার অভিযোগ রয়েছে। মর্ডিস্কো একসময় ফার্ক গেরিলা বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১৬ সালের শান্তি চুক্তির পর নিরস্ত্রীকরণে সম্মত না হয়ে বিরোধীদের বৃহত্তম দলের নেতৃত্ব দিচ্ছেন। কলম্বিয়ার রাজনৈতিক ইতিহাসে বামপন্থী নেতা এবং প্রেসিডেন্ট প্রার্থীদের হত্যার ঘটনা বিরল নয়। দক্ষিণ আমেরিকার এই দেশটির প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে পেত্রো ২০২৪ সালে তার ওপর আবারও হত্যাচেষ্টার অভিযোগ আনলেন বলে জানিয়েছে ফ্রান্স২৪।

এ এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language