গাজীপুর-২ আসনে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

গাজীপুর, ১১ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসনে জামায়াত জোটের শরিক এনসিপির প্রার্থী আলী নাছের খানের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ওই আসনের বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মো. মেহেদী হাসান এলিস বাদী হয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গাজীপুরের সিভিল জজ এবং নির্বাচনী অনুসন্ধান কমিটি চেয়ারম্যানের কাছে এই অভিযোগটি পেশ করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে আলী নাছের খানের হলফনামায় প্রদত্ত জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখের সঙ্গে তাঁর ট্যাক্স রিটার্ন ফরমে উল্লেখ করা তথ্যের সুস্পষ্ট পার্থক্য রয়েছে। নির্বাচন কমিশনের আবশ্যকীয় দাখিল করা নথিপত্র ও ট্যাক্স রিটার্নের কাগজপত্র পরস্পর সামঞ্জস্যপূর্ণ নয় যা বিভ্রান্তিকর এবং তথ্য গোপনের শামিল বলে দাবি করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত প্রার্থী অনলাইন যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত বিকাশ নম্বর ও ব্যাংক হিসাব নম্বর উন্মুক্তভাবে প্রচার করে ভোটারদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন যা নির্বাচনী বিধির লঙ্ঘন।
এ বিষয়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মো. মেহেদী হাসান এলিস জানান এনসিপি প্রার্থীর কাগজপত্রের অসামঞ্জস্যতা ও তথ্য গোপনের বিষয়টি তাঁদের দৃষ্টিগোচর হয়েছে। তাই বিষয়টি তদন্তের জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। নির্বাচনের মাত্র একদিন বাকি থাকলেও বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা জরুরি মনে করেই তাঁরা অভিযোগটি দায়ের করেছেন বলে তিনি উল্লেখ করেন।
এ এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









