জাতীয়

নির্বাচন ও গণভোটে পুলিশ সদস্যদের ২২ কাজে নিষেধাজ্ঞা দিল সদর দপ্তর

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

এসব নির্দেশনায় সদস্যদের মোট ২২ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। সদর দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে যে এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকালীন সময়ে পুলিশের বর্জনীয় কাজগুলোর মধ্যে রয়েছে প্রার্থী, তাদের এজেন্ট বা সমর্থকদের কাছ থেকে কোনো প্রকার খাবার, উপহার বা অনৈতিক সুবিধা গ্রহণ না করা। প্রার্থীদের সঙ্গে ছবি তোলা, ব্যক্তিগত আলাপচারিতা বা ঘনিষ্ঠ মেলামেশা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া ভোটার বা নির্বাচন কর্মকর্তাদের দাপ্তরিক কাজে অযথা হস্তক্ষেপ করা যাবে না।

প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ব্যতীত ভোটকক্ষে প্রবেশ এবং কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে কিংবা বিপক্ষে ভোটারদের প্রভাবিত করা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে যে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করা যাবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যাওয়া পর্যন্ত বলপ্রয়োগ বা লাঠিপেটা করা থেকে বিরত থাকতে হবে। কোনো রাজনৈতিক মিছিল বা কার্যালয়ে উপস্থিতি, রাজনৈতিক মতাদর্শ প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক পোস্ট দেওয়া বা মন্তব্য করা নিষিদ্ধ করা হয়েছে। দায়িত্ব পালনকালে অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার বা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকাও বারণ।

ভোটগ্রহণের দিন ব্যক্তিগত আলাপচারিতায় মোবাইল ব্যবহার, নির্বাচনী ফলাফল বা সম্ভাব্য বিজয়ী নিয়ে পূর্বানুমান এবং সংবেদনশীল তথ্য প্রকাশ করা যাবে না। এছাড়া অফিসিয়াল অনুরোধ ছাড়া কোনো ঘটনার ছবি বা ভিডিও আদান-প্রদান নিষিদ্ধ। জনসমাগমস্থল বা খোলা জায়গায় খাবার গ্রহণ যেমন বাদাম, ভাপা পিঠা, চানাচুর ইত্যাদি খাওয়া এবং ফুটপাত বা টং দোকানে বসা থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। পোশাক ও আচরণের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language