এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা আইনে বড় সংশোধনী, যুক্ত হলো ইবতেদায়ি মাদরাসা

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা প্রাপ্তি আরও স্বচ্ছ ও গতিশীল করতে বিদ্যমান আইনে বড় ধরনের সংশোধনী এনেছে অন্তর্বর্তী সরকার।
এ লক্ষ্যে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন এবং অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সংশোধিত অধ্যাদেশে ২০০২ সালের মূল আইনের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। প্রতিষ্ঠানের সংজ্ঞায় এমপিওভুক্ত শব্দটির সংযোজনের পাশাপাশি কলেজের সঙ্গে দাখিল ও তদূর্ধ্ব পর্যায়ের সংযুক্ত ইবতেদায়ি মাদরাসাকেও এই আইনের আওতায় আনা হয়েছে। নতুন কাঠামোতে অবসর সুবিধা বোর্ডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে, যেখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। বোর্ডের প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে একজন পরিচালক পদের বিধান রাখা হয়েছে, যিনি পদাধিকারবলে বোর্ডের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া পর্ষদে জনপ্রশাসন ও অর্থ বিভাগের প্রতিনিধিসহ সরকার মনোনীত ১১ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী সদস্য থাকবেন। তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতে বলা হয়েছে, বোর্ডের স্থায়ী তহবিলের অর্থ সরকারের অনুমোদন সাপেক্ষে কেবল রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক বা সরকারি বন্ডে বিনিয়োগ করা যাবে।
এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









