জাতীয়

প্রচার শেষ, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – দীর্ঘ প্রতীক্ষা ও নানা রাজনৈতিক মেরুকরণ শেষে অবশেষে ভোট উৎসবের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে বাংলাদেশ।

আজ সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার পর্ব। এখন কেবল ব্যালটযুদ্ধের অপেক্ষা। আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলবে এই ঐতিহাসিক জনমত যাচাইয়ের প্রক্রিয়া। ভোটাররা এই সময়ের মধ্যে তাদের নিজ নিজ এলাকার আইনপ্রণেতাকে নির্বাচিত করবেন। ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর এটিই প্রথম জাতীয় নির্বাচন যা দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। নির্বাচন কমিশন বা ইসি জানিয়েছে যে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

স্বচ্ছ ব্যালট বাক্স ও বিশেষ নিরাপত্তা সংবলিত ব্যালট পেপার জেলা পর্যায়ের ট্রেজারিগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। এবারের নির্বাচনে রাজনৈতিক দলের অংশগ্রহণ বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে যার মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামী অন্যতম। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রতিদ্বন্দ্বিতা করছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এবার ভোটারদের সামনে গণভোটের ব্যালট থাকার বিষয়টিও বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করছে। রাজধানী থেকে শুরু করে প্রান্তিক গ্রাম পর্যন্ত সবখানেই এখন ভোটের আলোচনা তুঙ্গে।

সাধারণ ভোটাররা একটি ভীতিমুক্ত পরিবেশ প্রত্যাশা করছেন যেখানে তারা নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে যারা রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রচারণার শেষ দিনে প্রার্থীরা ব্যস্ত সময় পার করেছেন এবং চট্টগ্রাম ও কুমিলস্নাসহ দেশের বিভিন্ন জেলায় গণসংযোগ ও মিছিলে মুখরিত ছিল রাজপথ।

এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language