শিক্ষা

নির্বাচনের আগে এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত হচ্ছে না

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এইচএসসি ও সমমানের পরীক্ষার কার্যক্রম নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তবে নির্বাচন শুরুর আগে এইচএসসি পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছে আন্তঃশিক্ষা বোর্ড। বর্তমানে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র মুদ্রণের কাজ চলছে। তাই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম শুরু করতে চাইছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আর জুনের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম আগামী ১ মার্চ থেকেই শুরু হবে।

স্বাভাবিক শিক্ষাবর্ষ অনুযায়ী প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা। কিন্তু করোনা মহামারি ও পরবর্তী পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে নির্ধারিত সূচি বজায় রাখা সম্ভব হয়নি। চলতি বছর জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাস বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণের কাজ শেষ হয়েছে এবং বর্তমানে চূড়ান্ত প্রস্তুতি চলছে। বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষাগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language