জীবন নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়ে থানায় জিডি করলেন আবদুল আউয়াল মিন্টু

ফেনী, ৮ ফেব্রুয়ারি – জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। গত ৭ ফেব্রুয়ারি ফেনীর দাগনভূঞা থানায় মিন্টুর পক্ষে তার নির্বাচনী এজেন্ট মোহাম্মদ শামছুদ্দিন এই জিডি করেন।
ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডিতে মিন্টু উল্লেখ করেন, গত ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে জামায়াতের এক নির্বাচনী সভায় দলটির নেতা মেজবাহ উদ্দিন সাঈদ ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী মিন্টুকে লক্ষ্য করে বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে আপনি কোথায় পালিয়ে যাবেন।” তিনি আরও দম্ভের সঙ্গে বলেন, শেখ হাসিনা ভাত রেখে পালিয়ে গেছে, আপনাকে কী রেখে পালাতে হবে তা তিনি বলতে চান না।
জিডিতে আরও দাবি করা হয়, বিভিন্ন সময় ও বিভিন্ন মাধ্যমে মেজবাহ উদ্দিনসহ অন্যান্য জামায়াত নেতারা নিয়মিত হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছেন। এতে মিন্টু নিজের সম্মানহানি এবং জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভুগছেন বলে উল্লেখ করা হয়। এসব বিষয়ে প্রতিকার চেয়ে থানায় এই সাধারণ ডায়েরি করা হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান বলেন, বিএনপি প্রার্থী তার প্রতিনিধির মাধ্যমে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









