জাতীয়

ভোটার নম্বর ও কেন্দ্র জানার ৪টি সহজ পদ্ধতি চালু করল ইসি

ঢাকা, ৭ ফেব্রুয়ারি – আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধার্থে চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এই পদ্ধতিগুলো ব্যবহার করে ভোটাররা খুব সহজেই তাদের ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জেনে নিতে পারবেন।

শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

প্রথম পদ্ধতিটি হলো ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ। ভোটাররা গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। অ্যাপের ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে যেতে হবে। সেখানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্ম তারিখ প্রদান করলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর এবং কেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।

দ্বিতীয় পদ্ধতি হিসেবে হটলাইন নম্বর ১০৫ ব্যবহার করা যাবে। দেশের যেকোনো প্রান্ত থেকে ১০৫ নম্বরে কল করে অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এই সেবার জন্য এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে।

তৃতীয়ত, এসএমএসের মাধ্যমেও তথ্য জানা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে কাঙ্ক্ষিত তথ্য জানিয়ে দেওয়া হবে।

চতুর্থ পদ্ধতিটি হলো নির্বাচন কমিশনের ওয়েবসাইট। ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করে নির্বাচনী এলাকা বা এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে তথ্য খোঁজা যাবে। এই পদ্ধতিতে গুগল ম্যাপে কেন্দ্রের অবস্থান দেখার সুবিধাও যুক্ত রয়েছে।

এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language