জাতীয়

কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁও, ৭ ফেব্রুয়ারি – সাবেক পানিসম্পদ মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শনিবার সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন। এর আগে কারাগারে অবস্থানকালীন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টা ১০ মিনিটে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করে।

দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন। গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ সাবেক এই মন্ত্রীকে আটক করে আদালতের মাধ্যমে প্রথমে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করে। পরবর্তীতে ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যা মামলাসহ মোট তিনটি মামলায় কারাগারে বন্দি ছিলেন। রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন।

তার বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মায়ের নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজ থেকে শিক্ষা জীবন শেষ করেন এবং রাজনীতিতে যুক্ত হয়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে তিনি তার সংসদ সদস্য পদ হারান।

এসএএস/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language