চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৬

চুয়াডাঙ্গা-২ আসন, ৭ ফেব্রুয়ারি – চুয়াডাঙ্গা-২ আসনের বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে ঘটা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের সময় দুই দলেরই নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠলেও এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় তাদের দর্শনা পৌর ১নং ওয়ার্ড সেক্রেটারি মেহেদী হাসান এবং দর্শনা পৌর শ্রমিক কল্যাণ সেক্রেটারি হাসান তারেক আহত হয়েছেন। তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা মজিবর রহমান, জুনায়েদ হোসেন ও আশিক নামের তিনজন সমর্থক আহত হওয়ার কথা জানানো হয়েছে। বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোশাররফ হোসেনের অভিযোগ, রাতে বিএনপির মিছিল থেকে কয়েকজন মদ্যপ অবস্থায় তাদের অফিসের সামনে উসকানিমূলক আচরণ করে এবং প্রতিবাদ করলে হামলা চালায়।
বিপরীতে দর্শনা থানা বিএনপির দপ্তর সম্পাদক আসলাম হোসেনের দাবি, তাদের শান্তিপূর্ণ মিছিলে জামায়াত কর্মীরা আপত্তিকর মন্তব্য করায় উত্তেজনার সৃষ্টি হয় এবং তাদের তিন কর্মী আহত হন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, রাতে আঘাতপ্রাপ্ত দুইজন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। দর্শনা থানার পরিদর্শক (ওসি) মো. মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে জামায়াতের অফিসের একটি চেয়ার ভাঙা পাওয়া গেছে এবং এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এসএএস/ ৭ ফেব্রুয়ারি ২০২৬









