শাহবাগে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড় এলাকা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মহিউদ্দিন রনি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ এলাকায় বিক্ষোভ শুরু হয়। প্রথম দফায় যমুনা অভিমুখে যাওয়ার সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ।
পরে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ শুরু করে। এ সময় শাহবাগের আজিজ মার্কেটের সামনে আন্দোলনকারীদের রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়ান মহিউদ্দিন রনি। তিনি পুলিশের কাছে আন্দোলনকারীদের ওপর হামলার কারণ জানতে চাইলে ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য তাকে ঘিরে ধরে বেধড়ক লাঠিপেটা শুরু করেন।
একপর্যায়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়লেও পুলিশ সদস্যরা তাকে মারধর চালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পুলিশ সদস্য চলে যাওয়ার পর আবার ফিরে এসে তাকে লাঠি দিয়ে খোঁচা দেন। একই সঙ্গে আরেক পুলিশ সদস্যও তাকে মারতে উদ্যত হন। পরে একজন পুলিশ সদস্য হস্তক্ষেপ করে তাকে মারধর থেকে রক্ষা করেন।
এই ঘটনার পর শাহবাগ এলাকায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।
এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬









