বাগেরহাট

বাগেরহাটে চাঁদা না দেওয়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখমের অভিযোগ

বাগেরহাট, ৬ ফেব্রুয়ারি – বাগেরহাটের কচুয়া উপজেলায় চাঁদা না দেওয়ায় মো. আলম হোসেন নামের এক সাবেক ইউপি সদস্যকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলতলা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আহত আলমকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেছেন তার স্বজনরা। তিনি কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। ভুক্তভোগী আলম হোসেনের অভিযোগ, স্থানীয় শ্রমিক দল নেতা জামাল শেখ দীর্ঘদিন ধরে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন সময় হুমকি ধমকি দেওয়া হতো।

শুক্রবার সকালে তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় জামাল শেখ দলবল নিয়ে অতর্কিত হামলা চালান। এতে তার হাত ও পায়ে গুরুতর জখম হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে গোপালপুর ইউনিয়ন শ্রমিক দল নেতা জামাল শেখ দাবি করেন, তিনি কোনো চাঁদা চাননি।

সকালে ধানের শীষের মিছিল দেখে ভয়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে আলম আহত হয়েছেন বলে তিনি মন্তব্য করেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএএস/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language