উত্তেজনার জেরে নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন, ৬ ফেব্রুয়ারি – ইরানে চলমান উত্তেজনার প্রেক্ষিতে মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাসের পক্ষ থেকে এই জরুরি সতর্কতা জারি করা হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে ইরানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়া ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিল বা স্থগিত করছে।
এমতাবস্থায় নাগরিকদের সম্ভব হলে বিকল্প উপায়ে অর্থাৎ স্থলপথে আর্মেনিয়া বা তুরস্কে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের নির্দেশনায় আরও বলা হয় মার্কিন সরকারের সহায়তার অপেক্ষা না করে নাগরিকদের নিজ উদ্যোগে দ্রুত দেশ ত্যাগ করা উচিত। যারা দেশ ছাড়তে পারবেন না তাদের নিরাপদ স্থানে অবস্থান এবং পর্যাপ্ত খাদ্য পানি ও ওষুধ মজুত রাখতে বলা হয়েছে।
একইসঙ্গে বিক্ষোভ বা জনসমাগম এড়িয়ে চলা এবং পরিচয় গোপন রাখার পরামর্শও দেওয়া হয়েছে। বিশেষ করে দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে সতর্ক করে বলা হয়েছে ইরানি কর্তৃপক্ষ তাদের ইরানি নাগরিক হিসেবেই বিবেচনা করে। ফলে মার্কিন পাসপোর্ট ব্যবহার করে দেশ ত্যাগের চেষ্টা করলে তারা আটকের শিকার হতে পারেন।
বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।
এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬









