জাতীয়

পুরান ঢাকার ঐতিহ্য ও আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি, স্থাপত্যশৈলী এবং ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করেছেন।

সম্প্রতি স্ত্রী ডিয়ানকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক এই জনপদ ঘুরে দেখেন তিনি। ঢাকার মার্কিন দূতাবাস বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। রাষ্ট্রদূতের এই সফর শুরু হয় মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন লালবাগ কেল্লা পরিদর্শনের মাধ্যমে। বিশেষ করে কেল্লার হাম্মামখানা বা তৎকালীন রাজকীয় স্নানাগার ঘুরে দেখেন তারা।

ঐতিহাসিক এই স্থাপনাটি যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশনের আর্থিক সহায়তায় সংস্কার ও সংরক্ষণ করা হয়েছে। লালবাগ কেল্লা পরিদর্শন শেষে তারা সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক হোসেনী দালানে যান। সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর তারা পুরান ঢাকার ব্যস্ত গলিপথে হেঁটে বেড়ান এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা প্রত্যক্ষ করেন। এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান যে ২০২১ সালে তার পূর্বসূরি রাষ্ট্রদূত আর্ল মিলার এই স্থানটিকে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তহবিলের জন্য মনোনীত করেছিলেন।

স্থাপত্যশৈলীর সংস্কার কাজে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন যে কয়েক বছর আগের তুলনায় বর্তমান অবস্থা অনেক উন্নত হয়েছে। ঢাকাইয়া আতিথেয়তা আর প্রাচীন ঐতিহ্যের মেলবন্ধনে মুগ্ধতা প্রকাশ করেছেন এই মার্কিন দম্পতি।

এস এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language