জাতীয়

জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাজ্য

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। অপরিহার্য বা জরুরি প্রয়োজন না হলে ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ সফর না করার পরামর্শ দিয়েছে দেশটির ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সংক্রান্ত ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে এই নির্দেশনা দেয় যুক্তরাজ্য। সতর্কবার্তায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এই সময় রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর হামলার ঝুঁকি রয়েছে।

এফসিডিও বিশেষভাবে রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্রকে লক্ষ্য করে হামলার আশঙ্কার কথা উল্লেখ করে ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। একই সঙ্গে বলা হয়েছে, কোনো পূর্বাভাস ছাড়াই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে।

ভ্রমণ সতর্কবার্তায় বড় ধরনের রাজনৈতিক সমাবেশ, জনসমাগমস্থল এবং পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি রয়েছে—এমন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, ভ্রমণ পরিকল্পনায় সতর্কতা অবলম্বন এবং জরুরি পরিস্থিতির জন্য বিকল্প প্রস্তুতি রাখার আহ্বান জানানো হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর আরও স্মরণ করিয়ে দিয়েছে, কোনো ভ্রমণেই শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।

এর আগে গত ২২ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ভ্রমণে নিজেদের নাগরিকদের জন্য প্রাথমিক সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্য।

এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language