ক্রিকেট

বাংলাদেশ না থাকায় ইডেন গার্ডেন্সে দর্শক খরা, টিকিট বিক্রিতে ধস

কলকাতা, ৫ ফেব্রুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে খেলার কথা ছিল বাংলাদেশ দলের।

কিন্তু শেষ মুহূর্তে ভারতে খেলতে অনীহা প্রকাশ করায় আসন্ন বিশ্বকাপে অংশ নিচ্ছে না লাল-সবুজের প্রতিনিধিরা। তাদের জায়গায় টুর্নামেন্টে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। বাংলাদেশ সরে দাঁড়ানোর পর থেকেই ইডেনে দর্শক উপস্থিতিতে ভাটা পড়ার আশঙ্কা করা হচ্ছিল, যা অবশেষে বাস্তবে রূপ নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি হচ্ছে না বললেই চলে।

টিকিট কাউন্টারগুলোতে হাতেগোনা চার-পাঁচজন মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে অফলাইন টিকিট স্টলগুলোতেও ক্রেতার সংখ্যা নগণ্য। ইডেনে মোট আসন সংখ্যা ৬৫ হাজার। অথচ সব ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত ২১ হাজার টিকিটও বিক্রি হয়নি বলে জানা গেছে। পরিসংখ্যান অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচের জন্য ২ হাজার ৯১৭টি, স্কটল্যান্ড-ইতালি ম্যাচে মাত্র ৩৪৮টি এবং ইংল্যান্ড ও স্কটল্যান্ড ম্যাচে ২ হাজার ৭৫টি টিকিট বিক্রি হয়েছে। ইংল্যান্ড-ইতালি ম্যাচের টিকিট বিক্রির সংখ্যা ৪ হাজার ৯৭০।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজ-ইতালির ম্যাচ দেখতে আগ্রহ দেখিয়েছেন মাত্র ১ হাজার ২৪৮ জন দর্শক। সুপার এইট ও সেমিফাইনাল মিলিয়ে মোট ৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। গ্রুপ পর্বে স্বাগতিক ভারতের কোনো ম্যাচ ক্রিকেটের নন্দনকাননে রাখা হয়নি। এর সঙ্গে বাংলাদেশের অনুপস্থিতি যোগ হওয়ায় দর্শকদের আগ্রহে বড় পতন ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) দাবি, টিকিট বিক্রি কম হলেও তাদের আর্থিক ক্ষতি হচ্ছে না, কারণ ম্যাচ আয়োজনের বরাদ্দ অর্থেই খরচ উঠে আসছে। তবুও বিশ্বকাপ ঘিরে শহরে কোনো উত্তেজনা নেই, বরং ঘরোয়া লিগ নিয়েই আলোচনা বেশি হচ্ছে।

এস এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language