খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ জামায়াত সমর্থকদের বিরুদ্ধে

খুলনা, ৫ ফেব্রুয়ারি – খুলনা-১ আসনে নির্বাচনি প্রচারণার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করার অভিযোগ উঠেছে। দাকোপ উপজেলার লক্ষ্মীখোলা এলাকায় ঘটা এই ঘটনায় জামায়াত প্রার্থীর সমর্থকদের দায়ী করা হয়েছে। এ বিষয়ে দাকোপ থানা ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দাকোপ থানার পরিদর্শক প্রকাশ বোস।
নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে বুধবার দাকোপ উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের স্থানীয় নেতা-কর্মীরা।
দলটির দাকোপ উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের মনোনীত প্রার্থী মাওলানা আবু সাইদের হাতপাখা প্রতীকের লিফলেট বিতরণের সময় ১২ থেকে ১৩ জন নারী কর্মী হামলার শিকার হন।
অভিযোগে বলা হয়েছে, প্রচারণাকালে নারী কর্মীরা একটি বাড়িতে প্রবেশ করলে তাদের সেখানে আটকে রেখে অকথ্য গালিগালাজ ও শারীরিক নির্যাতন করা হয়। হামলায় কয়েকজন আহত হন, যাদের মধ্যে রোজিনা বেগম নামে একজনকে গুরুতর অবস্থায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, এ সময় তাদের স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন রোজিনা বেগম জানান, ভোট চাইতে গেলে প্রতিপক্ষরা তাদের ওপর চড়াও হয় এবং ওড়না ও বোরকা খুলে ফেলার মতো আচরণ করে।
তবে অভিযুক্ত ইলিয়াস হোসাইন, যিনি একসময় ইসলামী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং বর্তমানে জামায়াত সমর্থক, এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, নারী কর্মীরা পরিকল্পিতভাবে তার বাড়িতে গিয়ে তর্কের সৃষ্টি করেন এবং মারধরের কোনো ঘটনা ঘটেনি।
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬









