জাতীয়

দেশে খেজুরের রসে নিপাহর বদলে মিলল নতুন ভয়ংকর ভাইরাস

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – দেশে সম্প্রতি শনাক্ত হওয়া একটি রহস্যজনক রোগের নেপথ্যে নিপাহ ভাইরাস নয়, বরং বাদুড়বাহিত নতুন একটি ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সর্বশেষ গবেষণায় বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে আক্রান্তরা প্টেরোপাইন অরথোরিওভাইরাস (পিআরভি) নামক ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। এটি মানুষের শরীরে মারাত্মক স্নায়ুবিক ও শারীরিক জটিলতা সৃষ্টি করতে সক্ষম।

আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গবেষণার তথ্যানুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের শরীরে জ্বর, বমি, মাথাব্যথা, অতিরিক্ত ক্লান্তি, মুখে লালা নিঃসরণ এবং স্নায়ুবিক সমস্যার মতো উপসর্গ দেখা দেয়। আক্রান্তদের সবাই খেজুরের কাঁচা রস পান করেছিলেন।

সাধারণত খেজুরের কাঁচা রস বাদুড়ের মাধ্যমে নিপাহ ভাইরাসের সংক্রমণের মাধ্যম হিসেবে পরিচিত হলেও, পরীক্ষায় এই রোগীদের শরীরে নিপাহর অস্তিত্ব পাওয়া যায়নি। দীর্ঘ চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও আক্রান্তদের মধ্যে তিনজন দীর্ঘমেয়াদি দুর্বলতা, বিভ্রান্তি, শ্বাসকষ্ট এবং হাঁটাচলার সমস্যায় ভুগছিলেন। তাদের মধ্যে একজনের ২০২৪ সালে মৃত্যু হয়।

বিজ্ঞানীরা জানান, এই রোগের মূল কারণ পিআরভি, যা একটি বাদুড়বাহিত ভাইরাস। গবেষকদের আশঙ্কা, জিনগত পরিবর্তনের মাধ্যমে এই ভাইরাস ভবিষ্যতে আরও সংক্রামক ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে, যা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার জনস্বাস্থ্যের জন্য নতুন ঝুঁকির কারণ হতে পারে।

এমতাবস্থায় বিশেষজ্ঞদের পরামর্শ, খেজুর গাছ থেকে নামানো কাঁচা রস পান থেকে বিরত থাকতে হবে এবং সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language