সিলেটে আগুনে পোড়া অজ্ঞাত সেই লাশটি লন্ডন প্রবাসীর, নিশ্চিত করল পিবিআই

জকিগঞ্জ, ৪ ফেব্রুয়ারি – সিলেটের জকিগঞ্জ উপজেলার সাতঘরি ও বিলপারের কোনারবন্দ হাওর থেকে উদ্ধার হওয়া আগুনে পোড়া অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নিশ্চিত করেছে যে, উদ্ধারকৃত লাশটি লন্ডন প্রবাসী বুরহান উদ্দিন শফির।
৫৯ বছর বয়সী বুরহান উদ্দিন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সমছু মিয়ার ছেলে এবং বর্তমানে তিনি সিলেট নগরীর আম্বরখানা এলাকার একটি বাসায় বসবাস করতেন। মঙ্গলবার বিকেলে পিবিআই ও সিআইডির বিশেষ দল প্রযুক্তির সহায়তায় এবং আঙুলের ছাপ সংগ্রহ করে লাশের পরিচয় নিশ্চিত করে। পরবর্তীতে নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি বুরহান উদ্দিনের বলে শনাক্ত করেন। পুলিশ জানায়, গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।
এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সিলেটের এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। এর আগে মঙ্গলবার সকালে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের হাওর এলাকায় স্থানীয়রা একটি দগ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের গলায় রশি বাঁধা ছিল এবং শরীরে আগুন দিয়ে পোড়ানোর চিহ্ন স্পষ্ট ছিল।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এসএএস/ ৪ ফেব্রুয়ারি ২০২৬









