জাতীয়

আগামী ৬ ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

ঢাকা, ৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৬ ফেব্রুয়ারি নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে যে এবারের ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার ও বিচার বিভাগের স্বাধীনতার বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। এর পাশাপাশি প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার রক্ষা এবং দুর্নীতিবিরোধী কাঠামো শক্তিশালী করার বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরা হবে।

জুলাই সনদের আলোকে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশনের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে দলটির। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে ইশতেহারে বিশেষ চমক হিসেবে থাকছে ব্যাপক কর্মসংস্থানের প্রতিশ্রুতি। দলটি নির্বাচিত হলে আগামী ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির রাজনৈতিক অঙ্গীকার ঘোষণা করতে পারে।

যুক্তরাজ্যের আদলে বাংলাদেশে ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তোলার পাশাপাশি ১৮ থেকে ৩৩ বছর বয়সী প্রায় সাড়ে চার কোটি যুবকের দক্ষতা উন্নয়ন ও বেকার ভাতার ব্যবস্থা রাখার পরিকল্পনা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় সারা দেশে খাল ও নদী পুনর্খনন এবং ২৫ কোটি গাছ রোপণের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো ইশতেহারে স্থান পাবে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং তাদের সম্পত্তি দখল রোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার থাকবে।

এছাড়া নারী নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকদের জন্য কৃষি উপকরণের দাম কমানো এবং কওমি মাদরাসার উন্নয়নসহ ধর্মীয় শিক্ষার আধুনিকায়নের বিষয়গুলোও বিএনপির ইশতেহারে গুরুত্বসহকারে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এনএন/ ৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language